কাঁঠালিয়া (ঝালকাঠি): ঝালকাঠির কাঁঠালিয়ায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং বা উত্যক্ত করার দায়ে মো. রাজু লাহেরী (২১) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রাজু লাহেরী উপজেলার আমুয়া গ্রামের মৃত সত্তার লাহেরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমুয়া গ্রামের এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও অশ্লীল কথাবার্তা বলে আসছিলেন রাজু লাহেরী। বিষয়টি অসহনীয় পর্যায়ে পৌঁছালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ও স্বজনরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত রাজু লাহেরীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়। সেখানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন জানান, “ইভটিজিং বা নারী উত্ত্যক্তকরণের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধ স্বীকার করায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজু লাহেরীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







