শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ।
আজ সকালে কারখানা দুটির মুল ফটকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। যার ফলে শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যায়।
শ্রমিকরা জানায়, শ্রমিকদের ডিসেম্বর মাসের বেতন ভাতা পরিশোধ না করে আশুলিয়ার কাঠগড়া এলাকার একই মালিকের ক্রস ওয়ার ও জিহান গার্মেন্টস লিমিটেড কারখানা দুটি আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে মালিকপক্ষ। বেতন ভাতা পরিশোধ না করে কারখানা দুটি বন্ধ ঘোষনা করায় প্রায় ১৫ শতাধিক শ্রমিক চরম বিপাকে পড়েছেন।
এবিষয়ে মালিকপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে ডিসেম্বর মাসের বেতনের দাবিতে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় এ্যামট্রানেট লিমিটেড গার্মেন্টেস এর প্রায় এক হাজার শ্রমিক বিক্ষোভ করেছেন। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করেন। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগদান করবেন না বলে জানিয়েছেন।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।