নড়াইল সদর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কালনা–যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর গাজী যশোর জেলার বাঘারপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিজানুর গাজী নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষিকাজ করতেন। রোববার সন্ধ্যায় তিনি একই গ্রামের জামান ভূঁইয়ার বাড়িতে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে কালনা–যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।