আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী ও আলোচিত রাজনৈতিক চিত্র। একই পরিবারের স্বামী-স্ত্রী দুইজন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
জাতীয় পার্টি (এ) থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে এম ফজলুল মন্ডল। অন্যদিকে তাঁর সহধর্মিণী মোছাঃ শেফালী বেগম বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) থেকে একই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
স্বামী-স্ত্রীর ভিন্ন রাজনৈতিক অবস্থান ও আলাদা দলীয় পরিচয়ে নির্বাচনে অংশগ্রহণ স্থানীয় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক ভোটার এটিকে গণতন্ত্রের সৌন্দর্য ও রাজনৈতিক বহুত্ববাদের প্রতীক হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, এটি কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে উভয় প্রার্থীই নিজ নিজ দলীয় আদর্শ, উন্নয়ন ভাবনা ও এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই কুড়িগ্রাম-৪ আসনের এই ভিন্নধর্মী নির্বাচনী লড়াই নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই স্বামী-স্ত্রীর দ্বৈত প্রার্থিতা শুধু কুড়িগ্রাম নয়, জাতীয় পর্যায়েও নির্বাচনী আলোচনায় বিশেষ স্থান করে নিয়েছে।