সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজ ভোর ৬টায় ফজরের নামাজের পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাগুরা জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। এ উপলক্ষে আজ দুপুর ১২টায় মাগুরা শহরের ভায়না মোড়ে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি শেষে আয়োজিত শোক সমাবেশে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান শোকাহত নেতাকর্মী ও মাগুরাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
শোক সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুবউদ্দিন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ও মরহুমার আত্মার মাগফিরাত কামনায় মাগুরা শহরের ভায়না মোড় ও সরকারি কলেজের সামনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।