চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের ভাওল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে কৃষি জমির উর্বর টপসয়েল কেটে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজন ব্যক্তিকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাওল এলাকায় কৃষি জমির টপসয়েল কাটা ও বিক্রির বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করার ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং কৃষি উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।