হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে শায়েখ আব্দুর রউফ (বড় হুজুর) রহ.-এর স্মৃতি বিজড়িত সিংহগ্রাম ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ঐক্য পরিষদ’ এর উদ্যোগে এক বর্ণাঢ্য মক্তব ভিত্তিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
সিংহগ্রাম মাদরাসার ছাত্র হাফেজ শোয়েব আহমদ এর সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা সুহাইল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক হযরত মাওলানা মুফতি আইনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হযরত মাওলানা হাফেজ ত্বহা হুসাইন, সভাপতি, সিংহগ্রাম ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ঐক্য পরিষদ। হযরত মাওলানা মুফতি আইনুল হক, অর্থ সম্পাদক। হাফেজ কারী বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ও মুহতামিম, মধ্য সিংহগ্রাম তাজবীদুল কুরআন হুসাইনিয়া নূরানী মাদরাসা।
এছাড়াও গ্রামের স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষার্থী (তোলাবা) ও মুরুব্বিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিংহগ্রামের মোট ১০টি মক্তবের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিচারকদের মূল্যায়নে বিজয়ীরা হলেন প্রথম স্থান মোছাঃ হাফসানা আক্তার (কাজী বাড়ির মক্তব),দ্বিতীয় স্থান মোঃ তানজিল আহমদ (মোল্লা হাটি মক্তব),তৃতীয় স্থান মোছাঃ নোহা আক্তার (আছিব আলী মক্তব)।
বিজয়ীদের মাঝে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী ১০টি মক্তবের সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। বিশেষ আকর্ষণ হিসেবে, বিজয়ী প্রথম তিনটি মক্তবের সম্মানিত ওস্তাদগণকেও বিশেষ সম্মাননা প্রদান করে সংগঠনটি।
সভাপতির বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এক আধ্যাত্মিক আবহোর মধ্য দিয়ে। প্রধান মেহমান হযরত মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন।