দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল থেকেই হাজারো গ্রাজুয়েটের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মতিহারের সবুজ চত্বর।
এবারের সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস. এম. এস. ফায়েজ।
দীর্ঘদিন সমাবর্তন না হওয়ায় এবার তিনটি ব্যাচের শিক্ষার্থীরা একসঙ্গে সনদ গ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয়ের ৬০, ৬১ ও ৬২ তম ব্যাচের প্রায় ছয় হাজার শিক্ষার্থী এই সমাবর্তনে অংশ নিয়েছেন। কালো গাউন, মাথায় হ্যাট আর চোখেমুখে স্বপ্নজয়ের আনন্দ নিয়ে ক্যাম্পাসে বিচরণ করছেন তারা।
অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবর্তনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবর্তনস্থলে গিয়ে শেষ হয়। এতে শিক্ষা উপদেষ্টা, ইউজিসি চেয়ারম্যান, উপাচার্যসহ সিনেট ও সিন্ডিকেট সদস্যরা অংশ নেন।
সমাবর্তন উপলক্ষে পুরো ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। বিভিন্ন ভবন ও রাস্তায় করা হয়েছে আলোকসজ্জা। গ্রাজুয়েটদের আনন্দ-উচ্ছ্বাস আর কোলাহলে ক্যাম্পাসে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। একে অপরের সঙ্গে ছবি তোলা আর স্মৃতিচারণে ব্যস্ত সময় পার করছেন সাবেক শিক্ষার্থীরা।