জামালপুর রেলওয়ে পুলিশের অভিযানে অনলাইন ভিত্তিক টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত এক পেশাদার টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আন্তঃনগর ট্রেনের ৭টি আসনের অনলাইন টিকিট ও টিকিট বিক্রয়ে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বেলা আনুমানিক ১৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানাধীন পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। অভিযানে পিয়ারপুর স্টেশন এলাকা থেকে মোঃ খোকন আলী (৩৪) নামের এক পেশাদার টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খোকন আলী ময়মনসিংহ জেলার অস্টধার সেনপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত শবদর আলীর পুত্র এবং খুকি বেগমের সন্তান। তার কাছ থেকে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের জামালপুর–ঢাকা রুটের ৭টি আসনের মোট ৩টি অনলাইন টিকিট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আসামি পরিচিত ব্যক্তিদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাউন্টার ও অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করে নিজের কাছে মজুত রাখতেন। পরবর্তীতে যাত্রীরা ফোন করলে তিনি দ্বিগুণ দামে এসব টিকিট বিক্রি করতেন। এছাড়াও স্টেশন ও রেললাইন সংলগ্ন বিভিন্ন স্থানে অবস্থান করে ঢাকাগামী যাত্রীদের কাছে টিকিট বিক্রির বিষয়টি তিনি স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ থানায় একটি মাদক মামলা বিদ্যমান রয়েছে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।