মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রবিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাঈদ আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেম্বার সভাপতি আখতার হোসেন, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহশীন উদ্দিন, জেলা পিপি সাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামালসহ অন্যান্যরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে আসন্ন নির্বাচনে কোথাও যেন অগ্নিসন্ত্রাস, নাশকতা বা সহিংসতা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসনের নেওয়া প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরা হয়।
এছাড়া সভায় যানজট নিরসন, আত্মহত্যা প্রতিরোধ, ইভটিজিং, শিশু নির্যাতন, যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, “মাগুরা জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।” তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।