রাজশাহীর তানোরে অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে শিশুটির পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ অরক্ষিত নলকূপ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এই নোটিশ প্রেরণ করেন।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও চরম প্রশাসনিক উদাসীনতার প্রমাণ।
সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে বেশ কিছু নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
১. শিশু সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান।
২. রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ করা।
৩. রাষ্ট্রীয় ব্যয়ে এসব নলকূপ সিলগালা/ভরাট বা স্থায়ীভাবে বন্ধ করা।
৪. অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
৫. নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (SOP) প্রণয়ন।
৬. দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত ১৫ দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না করা হলে বিষয়টি নিয়ে হাইকোর্ট বিভাগে জনস্বার্থ মামলা (Public Interest Litigation – PIL) দায়ের করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীর তানোরে একটি অরক্ষিত গভীর নলকূপের পাইপে পড়ে গিয়ে শিশু সাজিদের করুণ মৃত্যু হয়, যা সারাদেশে আলোড়ন সৃষ্টি করে।