ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বটতলা বাজার বালুর মাঠে মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সান্ধায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাসের এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির পরিদর্শক সানোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক মোহাম্মদ তানভীর হোসেন খান।
রোমাঞ্চকর ফাইনাল খেলায় ৩৪ পয়েন্ট অর্জন করে ঝালকাঠি কাবাডি দল চ্যাম্পিয়ন হয়। ৩১ পয়েন্ট পেয়ে বরিশাল কাবাডি দল রানার্সআপ হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
খেলা উপভোগ করতে বটতলা বাজার বালুর মাঠে হাজারো দর্শকের উপস্থিতি দেখা যায়। আয়োজকরা জানান, এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং তাদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।