শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরূপ ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন নেত্রকোণার কেন্দুয়ার তথ্য আপাঃ অনিকা আক্তার । তিনি এই প্রথম উপজেলা পর্যায়ে ‘অদম্য নারী’ হিসেবে নির্বাচিত হোন । এই কৃতি নারীর হাতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয় । উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ ও ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম ও উপস্থিত অতিথিবৃন্দ তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. আল আমিন সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফতাব উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল আহাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল কাশেম, শিক্ষক মুহাম্মদ আব্দুস সাকী, সাংবাদিক ও অন্যান্য নারী উদ্যোক্তাবৃন্দ ।
গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে এসে দেশের অন্যতম সেরা উপজেলা তথ্যসেবা কর্মকর্তা এবং একজন অদম্য পরিশ্রমী নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন অনিকা আক্তার ।
নওপাড়া ইউনিয়নের শিমুলাটিয়া গ্রামের এক সাধারণ পরিবারের সন্তান তিনি । পিতা-মৃত আব্দুল হাফিজ তালুকদার ছিলেন একজন কৃষক , মাতা-শাহেদা আক্তার গৃহিণী ।
গ্রামের ইটাচকি সরকারি প্রাথমিক (তখনকার সময় বেসরকারি ছিলো) বিদ্যালয় থেকে সর্বপ্রথম ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে প্রাথমিক জীবন শেষ হয় তাঁর । নওপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বপ্রথম জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক শেষ করেন । ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক শেষ করেন । এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ-৩.৬৩ ও এমএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ-৩.৬০ ডিগ্রী অর্জন করেন । একাডেমিক জীবনে প্রতিটি বর্ষে বিশ্ববিদ্যালয় থেকে মেধা বৃত্তিও পেয়েছেন এই নারী । চরম বাস্তবতার মুখোমুখি হয়ে পড়াশোনা চলাকালীন সময়েই তথ্য আপাঃ প্রকল্প (২য় পর্যায়) এ ২৭ নভেম্বর, ২০১৮ সালে উক্ত চাকুরিতে জয়েন করেন তিনি ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার জানান, ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে অনিকা আক্তার নির্বাচিত হয়েছেন । তাঁর এই বিজয় নারী সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে ।
অনুভূতি জানাতে গিয়ে অনিকা আক্তার বলেন, এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে । এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, আমার অভিভাবক, শিক্ষক এবং সকল শুভাকাঙ্ক্ষী মানুষের অবদানেই আজকের আমি । আমি বিশ্বাস করি শিক্ষা মানুষকে শুধু যোগ্য নয়, দায়িত্ববানও করে তোলে ।
তিনি আরও বলেন, সুযোগ এবং সহায়ক পরিবেশ পেলে মেয়েরা শুধু নিজেদের নয়, সমাজকেও পরিবর্তন করতে পারে । আমার এই সম্মাননা লাভ নিঃসন্দেহে নারী সমাজকে এগিয়ে যাওয়ার জন্য আরও অনুপ্রাণিত করবে ।