স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বহুল প্রতীক্ষিত দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মবিরতি পালিত হয়। এ সময় আউটডোর ফার্মেসি-প্যাথলজি কার্যক্রম এক্স-রে, ডেন্টালসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সরবরাহ সকাল ৮টা হতে বেলা ১২টা পর্যন্ত বন্ধ ছিল। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হয়। তবে জরুরি সেবা অন্য দিনের মত যথারীতি চালু ছিল। কর্মবিরতি পালনের সময় সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে শ্লোগান, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তাদের দশম গ্রেড বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ক মেডিক্যাল টেকনোলজিস্ট আসাদুজ্জামান, ফার্মাসিস্ট বিরাজ কুমার দাস, ফার্মাসিস্ট আব্দুল লতিফ, মেডিকেল টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম, নুরুজ্জামান, ওবাইদুর রহমান ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা। বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। দীর্ঘদিনের আন্দোলন সত্ত্বেও দাবি বাস্তবায়িত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের দাবি পূরণ না হলে আগামীতে দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি ঘোষণা পালন করা হবে।