রংপুরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন জেলার মাটিতে দাঁড়িয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ‘রংপুরের নির্বাচন আমরা নিরপেক্ষ স্বচ্ছ করতে চাই। জনগণ যাতে তাদের ভোটটা দিয়ে যেতে পারে ’।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিগত নির্বাচনগুলোর প্রসঙ্গ টেনে এসপি মারুফাত হুসাইন বলেন, ‘‘অতীতের নির্বাচন কেমন হয়েছে তা আমাদের সবার জানা। সেই ইতিহাসের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, আমরা সেভাবেই কাজ করব।’’ তিনি আরও যোগ করেন, ‘‘এবার আপনারা নিশ্চিন্ত থাকুন—কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই একটি স্বচ্ছ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’’ এসপি জানান, তারা নির্বাচনি ট্রেনে উঠে গেছেন এবং লক্ষ্য একটাই—ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে যেতে পারেন এবং সঠিক ফলাফলের প্রতিফলন ঘটে।