খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে রবিবার (৩০ নভেম্বর) খাগড়াছড়ি টাউন হলে দলের চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূইয়া।
সভায় ওয়াদুদ ভূইয়া তাঁর বক্তব্যে বলেন—বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা শুধু আমাদের দলের নয়,তাঁর সুস্থতা আজ বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িত।আজ খাগড়াছড়ির যে গণজোয়ার দেখছি, তা প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়, ন্যায়–অধিকার চায়। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এই স্বৈরশাসনের অবসান ঘটাতে জনগণ প্রস্তুত।
তিনি আরও বলেন,-খাগড়াছড়ির প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে যে সমর্থন তৈরি হয়েছে, তা আগামীর বিজয়ের বার্তা দিচ্ছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়, পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি উত্তরণের প্রার্থনাও করা হয়।