স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ গতকাল (২৯ নভেম্বর, ২০২৫) ঠাকুরগাঁয়ের ছোট খোচাবাড়ি এলাকায় অবস্থিত ইকো নার্সিং কলেজ (প্রস্তাবিত) পরিদর্শন করেছেন এবং এ অঞ্চলের নার্সিং শিক্ষার সম্ভাবনা খতিয়ে দেখেছেন। প্রতিনিধি দলে ছিলেন অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা) জনাব ডাঃ মোঃ জাহাঙ্গীর রশীদ এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল, ঢাকার রেজিস্ট্রার জনাব হালিমা আক্তার। পরিদর্শন শেষে তাঁরা প্রস্তাবিত কলেজের ভবন ও সুযোগ-সুবিধার মান নিরূপণ করেন এবং শিক্ষার সার্বিক মান নিয়ে আলোচনা করেন। কলেজ কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে প্রতিনিধি দল নার্সিং শিক্ষার গুণগত মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং এর সাথে সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রমসমূহকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। কলেজ পরিদর্শনের সার্বিক আয়োজনে যুক্ত ছিলেন ইআইইটি ও ইআইএ-এর চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান, ভাইস চেয়ারম্যান ড. সেলিমা আখতার এবং ইকো স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের প্রশাসক মোঃ আখতারুজ্জামান।