আসন্ন শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৭ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেয়েছেন খাগড়াছড়ি মিলনপুরের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার কাউসার আহমেদ। পাহাড়ি এই জেলার তরুণ খেলোয়াড়ের বয়সভিত্তিক জাতীয় দলে অভিষেক স্থানীয় ক্রীড়াঙ্গনে এনে দিয়েছে আনন্দ ও গর্ব।
কাউসারের বাবা আব্দুল আজিজ একজন ব্যবসায়ী; তিনি একটি ফার্নিচারের দোকান পরিচালনা করেন। শত ব্যস্ততার মাঝেও ছেলের ক্রিকেট–স্বপ্ন পূরণের পথে নিরন্তর সাপোর্ট দিয়ে গেছেন।
খাগড়াছড়ি ক্রিকেট একাডেমির কোচ মোজাহিদ বাবুর তত্ত্বাবধানে বেড়ে ওঠেন কাউসার। কোচের চোখে প্রতিভা ধরা পড়ায় তিনি কাউসারকে বিকেএসপিতে যাওয়ার পরামর্শ ও উৎসাহ দেন। স্থানীয় মাঠ থেকে যাত্রা শুরু করা কাউসার বর্তমানে বিকেএসপিতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিচ্ছেন। টপ–অর্ডার ব্যাটার ও নির্ভরযোগ্য উইকেটকিপার হিসেবে অনূর্ধ্ব–১৪ ও অনূর্ধ্ব–১৬ দুই স্তরেই ধারাবাহিক পারফরম্যান্সে তিনি নির্বাচকদের নজরে আসেন। দৃঢ় টেকনিক, ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং শান্ত মাথায় খেলার দক্ষতাই তাকে এবার অনূর্ধ্ব–১৭ জাতীয় দলে তুলে এনেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আনিসুল আলম আনিক বলেন—কাউসার শুধু একজন প্রতিভাবান ক্রিকেটার নয়—সে পুরো খাগড়াছড়ির গর্ব। তার এই অর্জন জেলার সব তরুণ খেলোয়াড়ের জন্য বড় অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেশের পতাকা বিশ্বের সামনে উড়াবে।
তিনি আরও বলেন—খাগড়াছড়ি থেকে এ ধরনের প্রতিভা উঠে আসা আমাদের জেলার ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বার্তা। আমরা চাই আরও অনেক কাউসার তৈরি হোক। বিসিবি ও জেলার ক্রিকেট কাঠামো থেকে আমরা সবসময় পাশে থাকবো।
সিরিজ সূচি-
১ম তিনদিনের ম্যাচ: ২৮ নভেম্বর, মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২য় তিনদিনের ম্যাচ: ৩ ডিসেম্বর থেকে, বসুন্ধরা স্টেডিয়াম
ওয়ানডে সিরিজ: ৭, ৯ ও ১২ ডিসেম্বর
ভেন্যু: চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল-মোহাম্মদ সামি, কাউসার আহমেদ (উইকেটকিপার), জারিফ সিয়াম, অদ্রিত ঘোষ, রাকিবুল হোসেন, জুনায়েদ হোসেন, সৌরভ কর্মকার, লরেন্স রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মাহাবীর, ফারদিন হাসনাত অরণ্য, ফায়াজ রহমান, শহিদুল ইসলাম শহিদ, ইফতেখার, নুবায়েত আলম।