নারীদের স্বাবলম্বী করা এবং দেশীয় পণ্যের প্রসারের লক্ষ্যে রাজশাহীতে ‘স্মার্ট এন্টারপ্রেনারস ওয়ার্ল্ড’ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মাসিক ‘আমাদের দেশি হাট’ ও বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন।আজ ১৯ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৬ টার সময় নাগরির মাদ্রাসা মাঠের কাছে জিং জিয়াং রেস্টুরেন্টে কেক কেটে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস পালিত হয় ও গত ১৮ নভেম্বর ২০২৫ নগরীর কাদিরগঞ্জ এলাকার শাহ্ ডাইন কনভেনশন হলে ‘আমাদের দেশি হাট’ এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হয়।
গ্রুপের সভাপতি মৌসুমী আক্তার-এর সভাপতিত্বে এই আয়োজনে নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গ্রুপের মডারেটর হিসেবে গত দুই বছর ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন ফাতেমা নাসরিন,তাসমিয়া, সাহানা বিলকিস, বিউটি খাতুন, রুবাইয়াত খানম এবং নিলুফা ইয়াসমিন। তাদের সকলের প্রচেষ্টায় এই গ্রুপটি রাজশাহীর নারী উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাটের আদলে আয়োজিত এই ‘দেশি হাটে’ মোট ২৫টি স্টল স্থান পায়। মূলত অনলাইন ভিত্তিক উদ্যোক্তারা তাদের পণ্যগুলোকে অফলাইনে ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পান এই হাটের মাধ্যমে। স্টলগুলোতে উদ্যোক্তাদের নিজ হাতে তৈরি খাবার, গহনা, পোশাক এবং নানারকম শোপিস প্রদর্শিত ও বিক্রয় হয়। এটি ছিল গ্রুপের উদ্যোগে আয়োজিত ২৭তম দেশি হাট। এর আগে গ্রুপটি সফলভাবে ৩টি বড় মেলার আয়োজন করেছে।
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি ‘স্মার্ট এন্টারপ্রেনারস ওয়ার্ল্ড’ বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজের জন্যও পরিচিত। এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বরের আয়োজনে প্রথমবারের মতো ‘ফ্রি মেডিকেল ক্যাম্পিং’-এর ব্যবস্থা করা হয়, যা আগত দর্শনার্থী ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা জানান, রাজশাহীতে তাদের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পিং অব্যাহত থাকবে।
এছাড়াও, এই গ্রুপটি নিয়মিত এতিমখানা ও বৃদ্ধাশ্রমে সহায়তা প্রদান করে এবং প্রতি শীত মৌসুমে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে।
রাজশাহীর নারী উদ্যোক্তাদের একত্রিত করা এবং তাদের পণ্য প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি মৌসুমী আক্তারের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে, উদ্যোক্তা তৈরির পাশাপাশি প্রতিমাসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সমাজসেবামূলক কাজগুলো স্মার্ট এন্টারপ্রেনারস ওয়ার্ল্ডকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে।