ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার পয়ারকান্দি এলাকায় অবৈধ জুস ও শিশুখাদ্য উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, শহরের পাড়াটঙ্গী এলাকার ভাড়া বাসায় ‘গ্রামীণ চাটনি’ নামে মোড়ক ব্যবহার করে অনুমোদনহীনভাবে পাইপে জুস তৈরি করছিলেন কারখানার মালিক মো. আব্দুল্লাহ মিলন। তিনি পূর্বে মানকোন ইউনিয়নের শ্রীপুর বাজারে একই ধরনের কারখানা পরিচালনা করলেও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে পয়ারকান্দিতে গোপনভাবে কার্যক্রম শুরু করেছিলেন।
কারখানায় কর্মরত দুই নারী শ্রমিক জানান, তারা তিন মাস ধরে এখানে কাজ করছেন এবং কেমিকেল মেশানোর কাজ মালিক নিজেই করতেন। মালিক মিলন দাবি করেন, তিনি রং বৈধভাবে কিনেছেন, তবে বিএসটিআই থেকে অনুমোদন না থাকায় লাইসেন্স নিতে পারেননি এবং কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ভাড়া করা বাসার ভিতরে দরজা বন্ধ করে দুই নারী শ্রমিক প্যাকেটিং কাজ করছিলেন। সেখানে অবৈধভাবে ভেজাল শিশুখাদ্য ও পাইপ-জুস তৈরি করা হচ্ছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনিয়ম প্রমাণিত হওয়ায় মালিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযান শেষে কারখানার মালামাল ধ্বংস করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।