ঝালকাঠির কাঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “উপজেলা গণগ্রন্থাগার কুইজ প্রতিযোগিতা ২০২৫” ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা গণগ্রন্থাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম এবং শহীদ রাজা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি, জ্ঞানচর্চার প্রসার ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম বই ও জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আনন্দ ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এক মনোমুগ্ধকর পরিবেশ।