আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮- যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে অভয়নগরের শিল্পশহর নওয়াপাড়ার নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় যশোর-খুলনা মহাসড়কে “অভয়নগরের সর্বস্তরের জনগণ”এর ব্যানারে সকাল ১১টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান মুন্সী, সরোয়ার রহমান ফারাজী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মারুফুর রহমান ফারাজী, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর মাস্টার ও সাধারণ সম্পাদক মাহমুদ কবীর, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী খান ও সাধারণ সম্পাদক ইয়ার আলী, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর জালাল প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান একজন জনপ্রিয়, সৎ ও ত্যাগী রাজনীতিক। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলকে সুসংগঠিত করে রাখার কারিগরের দায়িত্ব পালন করে আসছেন। এই ত্যাগ ও সংগ্রামের কারণে একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
তারা আরও বলেন, তার নেতৃত্বে ৮৮ যশোর-৪ আসনে বিএনপির সংগঠন তৃণমূল পর্যন্ত শক্তিশালী হয়েছে। তাই ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে দলীয় মনোনয়ন না দিলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “যদি ফারাজী মতিয়ার রহমানকে ৮৮ যশোর-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়, তবে ধানের শীষের বিজয় নিশ্চিত।”