খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক, খুন ও দস্যুতাসহ ২০ মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান (৩৭) গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লাটিলা এলাকায় বিশেষ
অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর রহমান ওরফে মিজান খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকার বাসিন্দা। তিনি আকবর আলী শিকদারের ছেলে এবং মালেকা বেগমের সন্তান।
সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা জানান, আসামি মিজানের বিরুদ্ধে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মাদক মামলা, ২টি হত্যা মামলা, ৬টি চুরি মামলা, ২টি অস্ত্র মামলা, ১টি দস্যুতা মামলা এবং অন্যান্য অপরাধে আরও ৪টি মামলা রয়েছে।
ওসি আরও বলেন, আইনের চোখ ফাঁকি দিয়ে এতদিন লুকিয়ে ছিল মিজান। অবশেষে তথ্যপ্রযুক্তি ও মাঠ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।