কাঠালিয়ায় বন্ধ ব্রিজের কাজ দ্রুত শেষের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ দ্রুত শেষের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন, র্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় “ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন”-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শত শত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে অংশ নেন। বক্তারা জানান, ধোপার নদীর উপর ব্রিজটির নির্মাণ কাজ ২০২১-২২ অর্থবছরে শুরু হয় এবং ২০২৩ সালের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় আজও প্রকল্পের ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। ঠিকাদার কাজ ফেলে গা-ঢাকা দিয়েছে বলে অভিযোগ করেন তারা।
ফলে বিকল্প হিসেবে ব্যবহৃত লক্কড়-ঝক্কড় কাঠের সেতুটি ভেঙে পড়ার উপক্রম। ওই ভাঙাচোরা সেতুর ওপর দিয়েই প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কাঁঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতালের রোগী, আমুয়া বন্দর ও আশপাশের তিনটি বাজারের হাজারো মানুষ যাতায়াত করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ব্রিজটির নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন—ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমির মাস্টার মো. মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার প্রমুখ।