প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে বিকালে বাড়ি ফেরার পথে পিছন থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
সেখানে সিটিস্ক্যান করার পর কর্তব্যরত চিকিৎসক দ্রুত চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন। রাত ১০টার দিকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়,নিহত ব্যক্তি হলেন চিনালা চিগোন চানপাড়া এলাকার বাসিন্দা সেনা রঞ্জন ত্রিপুরা (৩০)।তিনি পানছড়ি উপজেলার লোগাং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের সংস্কৃত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা বলেন,সেনা রঞ্জন ত্রিপুরা চার মাস আগে বিদ্যালয়ে যোগদান করেছিলেন। দরিদ্র পরিবারের সন্তান হয়েও তিনি অনেক পরিশ্রম করে শিক্ষকতা পেশায় এসেছিলেন। তার মৃত্যু বিদ্যালয়ে শোকের ছায়া ফেলেছে।তিনি আরও বলেন সেনা রঞ্জনের দুই শিশু সন্তান ও বৃদ্ধ মা-বাবা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন,-ঘটনার খবর পেয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান,-সেনা রঞ্জন ছিলেন বিনয়ী ও নিষ্ঠাবান শিক্ষক। তার মৃত্যু শুধু পরিবারের নয়, শিক্ষাঙ্গনেরও অপূরণীয় ক্ষতি।