রাজবাড়ীর পাংশা উপজেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলম শেখ (৩৫) নামের এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমান, এএসআই পরিতোষ মজুমদার, কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমানের নেতৃত্বে একটি দল অভিযানে যায়।
তারা পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা সবুজ (৩০), সজিব (২৫), সেন্টু (২৬)সহ ১০–১২ জন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল জাতীয় বিস্ফোরক ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে স্থানীয় আকুল মোল্লা (৫৫) নামের একজন ছররা গুলিতে আহত হন।
হামলার সময় এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। এক পর্যায়ে আসামি আলম শেখ এসআই নজরুল ইসলামকে কিল-ঘুষি মেরে আহত করে। পরে পুলিশি সহায়তায় স্থানীয়রা সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা চালায় এবং পুলিশ আলম শেখকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।”