ফেনী সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ডিগ্রি প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে ধর্মীয় পোশাক (পাঞ্জাবি ও জুব্বা) পরিধান করে গানের তালে তালে অশালীন নৃত্য এবং ধর্মীয় মূল্যবোধের অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখা।
আজ এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন:
“ফেনী সরকারি কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নবীন বরণ অনুষ্ঠানে যে অবমাননাকর ও অশালীন দৃশ্য দেখা গেছে, তা অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন। ইসলামের অন্যতম সুন্নতি পোশাক জুব্বা ও পাঞ্জাবি পরে মঞ্চে যেভাবে পশ্চিমা সংস্কৃতির আদলে কুরুচিপূর্ণ নৃত্য পরিবেশন করা হয়েছে, তাতে সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ তৌহিদী জনতার ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত লেগেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতির নামে এমন ঔদ্ধত্য ও ধর্মীয় প্রতীক নিয়ে উপহাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
নেতৃদ্বয় আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো নৈতিকতা ও মূল্যবোধ চর্চার কেন্দ্র। সেখানে এই ধরনের অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে এই ধরণের অশালীন ও ধর্মীয় অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সাথে, উদ্ভূত পরিস্থিতির জন্য সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের কাছে অনতিবিলম্বে আনুষ্ঠানিক ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবি জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।






