পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এবং সরই ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ইউনিয়নের ১ নং নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে শতাধিক পয়েন্ট থেকে প্রতিদিন নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরাখোলা, কামমার ঝিরি, আব্দুল্লাহ ঝিরি, কুরুকপাতা ঝিরি, লাইল্যারমার পাড়া ও সাপেরঘারা এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলন চলছে। প্রতিদিন কয়েক হাজার ট্রাক বালু উত্তোলন করে তা কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় মজুদ করা হচ্ছে। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন এলাকায় এসব বালু সরবরাহ করা হচ্ছে। রবিবার (২৯ মার্চ’২৬) ঘটনা স্থলে অনুসন্ধানে করে দেখা গেছে, এভাবে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে পাহাড়ি ছড়া ও ঝিরিগুলোর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে এবং আশপাশের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধ এ কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য লামা উপজেলা প্রশাসন ও চকরিয়া উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।







