লালপুরে পিটিয়ে হত্যার অভিযোগ, একজন গ্রেফতার

নাটোরের লালপুরে আব্দুস সামাদ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সামাদ উপজেলার সেকচিলান গ্রামের মোমিন মন্ডলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সংস্কার কাজের জন্য সিমেন্ট কিনতে পার্শ্ববর্তী কদিমচিলান বাজারে যান আব্দুস সামাদ। এ সময় দোকানদাররা বাজারদরের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দোকানদার রুহুল আমিন (২১) ও তার ভাই তরিকুল ইসলাম (১৯)সহ কয়েকজন লোহার রড দিয়ে এলোপাথাড়ি, পেটাতে থাকে, এতে সামাদের মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়দের সহায়তায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।
ঘটনার পর সামাদের পিতা মোমিন মন্ডল বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় এজাহারভুক্ত আসামি তরিকুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামি রুহুল আমিন সহ অন্যরা পলাতক রয়েছে। আটক তরিকুল ওই এলাকার তমেজ প্রামানিকের ছোট ছেলে।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, সংশ্লিষ্ট ঘটনার পর নিহতের পিতা থানায় মামলা দায়ের করেছেন, পুলিশ এজারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, অপর আসামিদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন