রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
জানা গেছে, অদ্য ১০ মার্চ ২০২৬ তারিখ দুপুর প্রায় ১১টা দিকে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোঃ আক্তার (৫০), পিতা— তাইজদ্দিন নামীয় এক ব্যক্তিকে মাদক (ট্যাপেন্টাডল) সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি আদালতের নিকট নিজের অপরাধ স্বীকার করলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১০০ টাকা জরিমানা এবং ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সমাজে মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সচেতন মহল বলছে, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার এবং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, তরুণ সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় মাদক সেবন ও কেনাবেচা রোধে প্রশাসনের কঠোর অবস্থান ইতিবাচক বার্তা দিচ্ছে। তারা মনে করেন, নিয়মিত অভিযান এবং কঠোর শাস্তির মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।







