পীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ-৬ (রংপুর-২৪) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নুরুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন। এছাড়াও সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আরডিআরএস (RDRS) বাংলাদেশ ও স্ট্রমী ফাউন্ডেশনসহ (SEEDS Project) বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা এবং সমাজের সর্বস্তরে নারীদের সমমর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনসংগঠন ও ফোরাম কিশোরীর সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন