মাননীয় পানি সম্পদ মন্ত্রীর নিকট যুবকের খোলা চিঠি

আপনি আজ শুধু আমাদের জেলার একজন জনপ্রতিনিধি নন, আপনি সারাদেশের গর্ব। আমরা গর্ব করে বলি – আমরা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাইয়ের এলাকার মানুষ। এই পরিচয় আমাদের আত্মমর্যাদা বাড়ায়, আমাদের মনে এক ধরনের নিরাপত্তা ও আশ্বাস তৈরি করে। কারণ আমরা বিশ্বাস করি, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আমাদের জেলার সন্তান অবশ্যই নিজের এলাকার মানুষের কষ্ট ও সম্ভাবনার কথা ভুলে যাবেন না। এই জেলার মানুষের আপনার প্রতি যে ভরসা ও বিশ্বাসের জায়গা আছে, সেটি শুধুই রাজনৈতিক নয়- এটি আবেগের- ভালোবাসার এটি আত্মীয়তার।
মাননীয় মন্ত্রী মহোদয়, আজ আমরা ডাকাতিয়া নদী নিয়ে কথা বলতে চাই, একটি নদী, যা একসময় ছিল এই অঞ্চলের প্রাণ, আর এখন ধীরে ধীরে সংকটে নিঃশেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে নদী দখল করে অবৈধ বাঁধ দেওয়া হয়েছে, মাছ চাষের নামে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও নদীর বুক ভরাট হয়ে গেছে, কোথাও নাব্যতা হারিয়ে ফেলেছে। এর ফলে নদী আর নদীর মতো নেই, এটি যেন বিচ্ছিন্ন জলাবদ্ধ খণ্ডে পরিণত হয়েছে।
এর ভয়াবহ প্রভাব প্রতিদিন সাধারণ মানুষ অনুভব করছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে, ঘরবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ছে। বর্ষা মৌসুমে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষিজমি দীর্ঘ সময় পানির নিচে থাকে, ফলে ফসল নষ্ট হয় এবং কৃষকরা ক্ষতির মুখে পড়েন। রাস্তাঘাট ভেঙে যায়, চলাচল ব্যাহত হয়, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ দুর্ভোগ পোহায়। অন্যদিকে নদীপথ বন্ধ হয়ে যাওয়ায় ট্রলার চলাচল প্রায় বন্ধ। এতে পণ্য পরিবহনের সম্ভাবনা নষ্ট হয়েছে, ব্যবসা-কেন্দ্রিক কার্যক্রম থমকে গেছে, বহু বেকার যুবক সম্ভাব্য কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে। অথচ নদীটি যদি দখলমুক্ত হতো, যদি পুনঃখননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা যেত এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হতো, তাহলে এই অঞ্চল ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারত। পরিবহন খরচ কমত, বাজার সম্প্রসারিত হতো, নতুন কর্মসংস্থান তৈরি হতো এবং জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি অনেকটাই কমে যেত।
এ্যানি ভাই, আপনি চাইলে এটা সম্ভব। আপনার সদিচ্ছা ও দৃঢ় সিদ্ধান্তে একটি নদী তার প্রাণ ফিরে পেতে পারে, একটি অঞ্চল তার অর্থনৈতিক সম্ভাবনা ফিরে পেতে পারে, হাজারো পরিবার তাদের স্বপ্ন ফিরে পেতে পারে। আমরা দেখেছি, আপনি যখন কোনো বিষয়ে উদ্যোগ নেন, তখন তা বাস্তবে রূপ পায়। তাই আমাদের বিশ্বাস, আপনার আন্তরিক দৃষ্টি ও কার্যকর পদক্ষেপেই ডাকাতিয়া নদীর সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
আমাদের বিনীত অনুরোধ, আপনি দ্রুত এই নদীর অবৈধ দখল ও বাঁধের বিষয়টি তদন্তের আওতায় আনুন, প্রয়োজনীয় উচ্ছেদ অভিযান পরিচালনা করুন এবং একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নদী পুনরুদ্ধার ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করুন। পাশাপাশি দীর্ঘমেয়াদি মনিটরিং ও ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে এমন সংকট আর তৈরি হবে না।
মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা আপনার দিকে তাকিয়ে আছি, শুধু একজন মন্ত্রী হিসেবে নয়, আমাদের নিজের মানুষ হিসেবে। আমাদের এই আস্থা ও বিশ্বাস যেন বাস্তব পরিবর্তনে রূপ নেয়, এই প্রত্যাশাই করছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন