রংপুরের মিঠাপুকুরে মিঠাপুকুর ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এ খেলায় গাইবান্ধা জেলা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে টু-স্টার স্যান্টোস রংপুর।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় মিঠাপুকুর কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে টু-স্টার স্যান্টোস রংপুর ও গাইবান্ধা জেলা ফুটবল একাদশ।
প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
খেলার সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করেন ডা. মোতাহার হোসেন, ডা. রাকিবুল ইসলাম রাকিব, ক্রীড়া সংগঠক মোজাহারুল ইসলাম মোজাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার হাফিজুর রহমান। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মুকিত লিমন।
আয়োজকদের মতে, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিঠাপুকুরে ক্রীড়াঙ্গনের বিকাশ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
খেলায় ২-০ গোলে জয়লাভ করায় টু-স্টার স্যান্টোস রংপুর দলকে অভিনন্দন জানান উপস্থিত অতিথি ও দর্শকরা।




