চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় পুনর্ভবা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহন্ত শ্রীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, স্থানীয় জেলেরা পূর্ণভবা নদীর মহন্ত ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগের মধ্যে ককটেল সদৃশ বস্তু দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এগুলোতে বিস্ফোরক আছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পরই বস্তুটির প্রকৃতি নিশ্চিত করা যাবে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, রহনপুর পৌরসভার বাজার ঘাটে নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ দুটি পাওয়া যায়। একটি প্লাস্টিক ব্যাগে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো আটটি ককটেল সদৃশ বস্তু এবং অন্যটিতে কিছু ধানের ভুষি ছিল।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বস্তুগুলো বর্তমানে পুলিশি পাহারায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল টিমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জনবহুল বাজার ঘাট এলাকায় ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাশকতার উদ্দেশ্যে কেউ এগুলো মজুত করেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এমরান আলী বাবু





