মির্জা ফখরুল ও অলি মনোনয়নপত্র দাখিল করবেন আজ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমাদান আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ক্ষমতাসীন বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা না করলেও দলীয় সূত্রমতে তাদের রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থী চূড়ান্ত করতে আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিএনপির প্রার্থীর নাম।

এরপর দলের পক্ষ থেকে বেলা ২টার দিকে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। এদিকে, বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ বেলা ১১টায় তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ২০ আগস্ট। এদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে দেশে সংসদীয় পদ্ধতির সরকার গঠিত হয়। ওই বছরের ৮ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন জাতীয় পার্টি ও জামায়াতের সংসদ সদস্যরা।

মন্তব্য করুন