ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরের ওপর নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রফেসর আবদুত তাওয়াব, এবি সিদ্দিকী মিতুল,অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, প্রিন্স আলী, নিহতের ভাই মোহাম্মদ নাজমুল বেপারী, স্ত্রী বেদানা বেগম ও ছেলে শাহাদাত হোসেন।
বক্তারা বলেন, ইউসুফ ফকিরকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা না গেলে চরাঞ্চলে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না। এ সময় তারা ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে আন্দোলনকারীরা ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।






