শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে।
১৪ জুলাই মঙ্গলবার জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকের শূন্য পদ, পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।
মন্ত্রী আরো বলেন, আগের নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৬৫ শতাংশ পদ, পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। তবে নতুন নিয়োগ বিধিমালায় এ হার বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে।






