সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
রবিবার (১৫ মার্চ) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে সাভার মডেল থানার আওতাধীন হেমায়েতপুর এলাকা থেকে মো. সুরুজ মিয়া (৫২) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সাভারের নামাগেন্ডা (ময়লার মোড়) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত নুরু মিয়া এবং মাতা সখিনা খাতুন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া সুরুজ মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




