সাভারের হেমায়েতপুরে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ডিম ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। হামলায় ব্যবসায়ীর ১৩ বছরের ছেলে দা’র কোপে গুরুতর আহত হয়েছে। এ সময় হামলাকারীদের আঘাতে ব্যবসায়ীর ভাইও রক্তাক্ত জখম হন।
শনিবার (১৫ মার্চ) দুপুরে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. মামলত খানের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নিজের বাসার সামনে “হেমায়েতপুর এন্টারপ্রাইজ” নামে পাইকারি ডিমের ব্যবসা করে আসছেন। স্থানীয় বিএনপি নেতা মেহেদী হাসানের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র বেশ কিছুদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা দিতে অস্বীকার করায় মামলত খানকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগে আরো জানা যায়,শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসানসহ, দিপু, সাইফুল,নবী ও লিটনসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে মামলত খানের দোকানে হামলার উদ্দেশ্যে আসে। দোকান বন্ধ পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়।
সেসময় মামলত খান মসজিদে নামাজ পড়তে গেলে তাকে না পেয়ে হামলাকারীরা তার ১৩ বছর বয়সী ছেলে নেওয়াজ খানকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে শিশুটি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ছেলের চিৎকার শুনে এগিয়ে আসলে মামলত খানের ছোট ভাই হৃদয় (৩২)কেও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা লোহার রড ও লাঠি দিয়ে দুজনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল চলে যায়।
পরে আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মামলত খান সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আরমান আলী জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





