Edit Content

হাদি হত্যা মামলায় তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া এবং আরও দুই আসামি—দাউদের শ্যালক ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার লিমা—দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ দুই দফায় মোট ৯ দিনের রিমান্ড শেষে বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে। স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ, আদালতে আবেদন করেন।

এই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে সামিয়া ও ওয়াহিদের এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে লিমার জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি শেষে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২০ ডিসেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিস্তারিত অনুযায়ী, ১২ ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডে দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলি করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়, পরে সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। ২০ ডিসেম্বর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন