​”স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে” মাগুরায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সভায় মন্ত্রী নিতাই রায় চৌধুরী

মাগুরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন

​সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় জেলার আইন-শৃঙ্খলা ও স্বাস্থ্য খাতের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) এবং মাগুরার সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, “সরকার মাগুরার টেকসই উন্নয়নে বদ্ধপরিকর। সরকারের গৃহীত প্রতিটি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।” তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

​সভায় বক্তাগণ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে নিবিড় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মাগুরার উন্নয়ন ও জননিরাপত্তা রক্ষায় এই সমন্বয় আগামীতে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

​সবশেষে জেলা প্রশাসক মহোদয় জেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তর প্রধানদের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নওয়াব আলী

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন