সাভার ও আশুলিয়ায় রোজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্ষুব্ধ সাধারণ জনগণ

পবিত্র রমজান শুরুতে সাভার ও আশুলিয়ার  বাজারগুলো লাগামহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের দাম। ক্রেতার সাধ্যের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্য। রমজান আসলেই  বাজারে এক ধরণের অদৃশ্য উত্তাপ তৈরি হয়ে যায় । ক্রেতারা বলছে স্থানীয় প্রশাসনের তদারকির ঘাটতিই এমন উত্তাপের অন্যতম কারন।
এই রোজায় সাভার ও আশুলিয়ায় বাজারগুলোর দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ জনগণ।
পবিত্র রমজান উপলক্ষে উপজেলার  সাভারবাজার, গেন্ডাবাজার, উলাইলবাজার, আশুলিয়াবাজার, বাইপেলবাজার, ও হেমায়েতপুরবাজার নয়েরহাটবাজারসহ বেশ কিছু বাজারে সরেজমিনে দেখা যায়,নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।সবজি,  ডাল, চিনি, তেল, ছোলা খেজুর, তরমুজ, শষা ও লেবুসহ অধিকাংশ পণ্যের বাজার মূল্য আকাশছোঁয়া। চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, কার্যকর বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। অন্যদিকে বিক্রেতাদের দাবি, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় পাইকারি পর্যায়েই দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
উপজেলার বেশ কয়েকেটি বাজার ঘুরে জানা যায়, সঠিক তদারকি ও মনিটরিং না থাকায় বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। প্রশ্ন হলো রমজানে কেন প্রতি বছর একই দৃশপট? রমজানে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে না থাকায় প্রতিবছরের ন্যায় এবারও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। নতুন সরকারের প্রতি  দাবী, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহন করা এবং বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেয়া।
এ পরিস্থিতিতে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা, যাতে রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। আজ সকালে গেন্ডা বাজারে একজন ক্রেতা বলেন,  সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে রোজার মাস শুরু হলে দ্রব্যমূল্যের দাম অর্ধেক পর্যন্ত নেমে আসে আর আমাদের এই বাংলাদেশে অধিক মুনাফালোভী  ব্যবসায়ীরা পণ্যের দাম দ্বিগুণ করে ফেলে যা খুবই দুঃখজনক। এ সময় তিনি দ্রুত প্রশাসনের নজরদারি বৃদ্ধিসহ ভোক্তা অধিকার কর্তৃক বাজারে অভিযানের দাবি জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল  ইসলাম  জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে রমজানের পূর্ব হতেই প্রশাসন সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। খাদ্যের সরবরাহ ও মজুদের বিষয়টা নজরদারীতে রয়েছে। তবে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান ও মনিটরিং শীগ্রই শুরু হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন