সরকারী ট্রাকে তিস্তার অবৈধ পাথর-বালু পরিবহনের সময় চালক গ্রেফতার

 ডিমলা উপজেলার মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধায় শুটিবাড়ি বাজার সংলগ্ন টেপাখড়িবাড়ি এলাকায় অভিযান চালিয়ে
তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত পাথর ও বালু পরিবহনের সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ( বিআরটিসি) ঢাকা মেট্রো-ট-২৪-০০২১ নম্বরের একটি ট্রাক আটক করেছে পুলিশ।
ট্রাকটি আটক ও পাথর জব্দ করা হয়। এসময় চালককে আটক করা হয়েছে। চালক শুকুর আলী (৩৫) ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার ৫ নং গোতলা ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত ইরাজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)এর একটি সরকারী ট্রাকে তল্লাশি করে অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ৩৮১ সিএফটি পাথর উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ রায়। এসময় তার সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।
এ ঘটনায় ডিমলা থানার এসআই আতাউর রহমান বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বালু মহল আইনে  মামলা দায়ের করেছেন। আটককৃত চালককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মো, শওকত আলী সরকার।
স্থানীয়দের অভিযোগ, তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন চললেও তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। মাঝেমধ্যে প্রশাসনের অভিযানে কিছু যানবাহন ও পাথর জব্দ হলেও চক্রটি সক্রিয়ই রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, তিস্তার পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান জরুরি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন