রাজবাড়ী, ১০ মার্চ ২০২৬: রাজবাড়ী পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত তিনটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য Alī Newāz Mahmud Khayem।
রাজবাড়ী পৌরসভার বাস্তবায়নে আরসিসি সড়ক, বিটুমিনাস কার্পেটিং সড়ক, ফুটপাত এবং আরসিসি ড্রেন নির্মাণের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ তিনটি সড়কের আধুনিকায়ন করা হবে। উদ্বোধন হওয়া সড়কগুলো হলো— রাজবাড়ী পৌরসভার হাসপাতাল সড়ক, মক্তবমোড় (পান্নাচত্তর) থেকে ভবানীপুর হয়ে তালতলা সড়ক এবং ২ নম্বর রেলগেট থেকে এতিমখানা সড়ক।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এই সড়কগুলো দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ হলেও অবকাঠামোগত উন্নয়নের অভাবে নাগরিকদের ভোগান্তি ছিল। আধুনিক মানের সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণের মাধ্যমে রাজবাড়ী পৌরসভার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ ও নিরাপদ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক Sultana Akter এবং পুলিশ সুপার Mohammad Monjur Morshedসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১ নম্বর রেলগেট থেকে সদর হাসপাতাল এবং লোকোশেড মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোর উন্নয়ন কাজ সম্পন্ন হলে রাজবাড়ী জেলা শহরে যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠায় জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব সড়কের উন্নয়নের দাবি ছিল। প্রকল্প বাস্তবায়ন হলে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরে আসবে।




