বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, মাহে রমজান মহান আল্লাহ তা’আলার পক্ষ থেকে মানবজাতির জন্য এক মহামূল্যবান নেয়ামত। এই মাস আমাদেরকে আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রমজানের প্রকৃত শিক্ষা যদি আমরা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে ইহকাল ও পরকালে অবশ্যই সফলতা অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, রমজান কেবল রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের চরিত্র গঠন, আত্মশুদ্ধি এবং আল্লাহভীতি অর্জনের এক অনন্য সুযোগ। এ মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়-অবিচার থেকে দূরে থাকা এবং নৈতিকতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাই সবাইকে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি কল্যাণমুখী সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা ছাবের আহমদ, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক, সাবেক চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলম, শ্রমিক নেতা রফিক দিদার ও আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষের মধ্যে আত্মশুদ্ধি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা গেলে দুর্নীতি, অন্যায় ও সামাজিক অবক্ষয় অনেকাংশে দূর করা সম্ভব। তারা রমজানকে সামনে রেখে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।






