শেরপুর ও ময়মনসিংহ জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) রাতভর শেরপুর জেলার নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯ বিজিবির টহল দল।
অভিযান চলাকালে ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারশী শাড়ি, কম্বল, ভারতীয় গরু এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উদ্ধারকৃত এসব পণ্য, গরু ও মাদক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজিবি জানায়, আটককৃত ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ ৯৫ হাজার ৫শ টাকা।
এ প্রসঙ্গে ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে থেকে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





