লামা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বান্দরবান জেলার লামা উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঈন উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান কামালসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৃহীত প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লামা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি সচল রাখতে গোয়েন্দা নজরদারি ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে।” তিনি সকলকে আইন মেনে চলা ও যেকোনো ধরনের গুজব বা অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম তাঁর বক্তব্যে বলেন, “নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে স্বাস্থ্যসেবাসহ সকল উন্নয়নমূলক কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়ন করা সম্ভব। নির্বাচনী সময়েও জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে আমরা প্রস্তুত রয়েছি।”
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। নির্বাচনী সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অপরাধ দমনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের সহযোগিতা পেলে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।”
সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন