লক্ষ্মীপুর দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি

লক্ষ্মীপুরের কমলনগরে দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার চরলরেন্স মধ্য বাজারের শিরোনাম ফ্যাশনে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ মার্চ) রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১১ মার্চ) রাতে চুরির ঘটনাটি ঘটে। পরদিন দোকানের মালিক শাহীন ইকবাল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, শাহিন ও তার ফুফাতো ভাই মহিন উদ্দিন প্রায় ৬ বছর আগে দোকানটি দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। তাদের ব্যবসা ভালোই চলছে। ওইদিন রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকানে গিয়ে দেখেন তালা ভাঙা। তাদের দোকানের ক্যাশ বাক্সে থাকা ৩ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ২১ লাখ ৯২ হাজার টাকার জামা কাপড় নেই। মালামালের মধ্যে ২০০ পিস শাড়ি, ১৭০ পিস লুঙ্গি, ১৫০০টি থ্রি পিস চুরি করে নিয়ে গেছে। শাড়িগুলোর মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, লুঙ্গিগুলোর মূল্য প্রায় ১ লাখ ২ হাজার টাকা ও থ্রিপিসগুলোর মূল্য প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা। বাজার পাহারায় তিনজন নৈশপ্রহরী রয়েছে। চুরির ঘটনায় তাদেরকে সন্দেহ করে অভিযোগ দেওয়া হয়েছে।
দোকানের অংশীদার মহিন উদ্দিন বলেন, শাহীন আমার মামাতো ভাই। আমরা ৬ বছর আগে ব্যবসা শুরু করি। সুনামের সঙ্গেই আমরা ব্যবসা করে আসছি।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বলেন, অভিযোগ পেয়েই আমরা ঘটনাটি তদন্তে নেমেছি। প্রকৃত চোরকে শনাক্ত করতে আমরা কাজ করছি। বাজারের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন