রাঙামাটিতে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় বিপুল রসুন জব্দ

 রাঙ্গামাটির বরকল উপজেলার বড়হরিণা এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ রসুন জব্দ করা হয়েছে। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে একটি টহল দল বড়হরিণা এলাকার কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় একটি বার্মা নৌকা তল্লাশি করে। এ সময় নৌকাটি থেকে ১ হাজার ৩৫০ কেজি বাংলাদেশি রসুন উদ্ধার করা হয়, যা ভারতে পাচারের প্রস্তুতি ছিল বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া অভিযানে একটি ইঞ্জিনচালিত বার্মা নৌকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী নিলামের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন রক্ষায় বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বজিৎ চাকমা

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন