ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন তিনটি স্থান নির্ধারণ করেছে পুলিশ। একই সঙ্গে, এতদিন বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত যন্তর মন্তরকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
নতুন স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যন্তর মন্তরে আর বিক্ষোভ করা যাবে না দিল্লির কেন্দ্রীয় অংশে অবস্থিত যন্তর মন্তর দীর্ঘদিন ধরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পরিচিত স্থান ছিল। তবে নতুন আদেশের ফলে সেখানে আর নির্ধারিত কর্মসূচি আয়োজন করা যাবে না।
দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার এ বিষয়ে আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে নতুন তিনটি স্থানকে বিক্ষোভ ও সমাবেশের জন্য নির্ধারণ করা হয়েছে।নতুন স্থানগুলোতে কীভাবে বিক্ষোভ আয়োজন করা যাবে, সে বিষয়ে পৃথক নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিরোধীদের আন্দোলনের মধ্যেই সিদ্ধান্ত ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) বিতর্কের জেরে দিল্লিতে বিরোধীদের আন্দোলন চলছে। কংগ্রেসসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং নতুন রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) দিল্লিতে বিক্ষোভ করেছে।
এমন পরিস্থিতিতে বিক্ষোভের স্থান পরিবর্তনের সিদ্ধান্তে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। বিরোধীরা এ সিদ্ধান্তকে গণতান্ত্রিক প্রতিবাদ সীমিত করার উদ্যোগ হিসেবে সমালোচনা করতে পারে।
দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
সূত্র: এনডিটিভি
এআর




